সাক্ষ্যের সমন যাবে এসএমএসে
সমন জারির পাশাপাশি মামলার সাক্ষীর কাছে পাঠানো হবে খুদেবার্তা। আর সেই বার্তায় উল্লেখ থাকবে কোন আদালতে, কখন হবে সাক্ষগ্রহণ। আর এ ক্ষেত্রে ব্যবহার করা হবে রাষ্ট্রায়ত্ব মোবাইল অপারেটর টেলিটকের সিম। পাশাপাশি এই কাজে কারিগরি সহায়তা দেবে আইসিটি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)।
বৃহস্পতিবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে কুমিল্লা ও নরসিংদীতে সমন জারির মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
ফৌজদারি মামলার সমন জারি প্রক্রিয়ার পাশাপাশি সাক্ষীর মোবাইল ফোনে এসএমএস দিয়ে সাক্ষ্য গ্রহণের তারিখ জানানোর কার্যক্রমে বিচারপ্রার্থী ও রাষ্ট্র উভয়ের সময় ও খরচ কমবে বলে জানিয়েছেন মন্ত্রী।
তিনি বলেছেন, যেহেতু ইলেকট্রনিক পদ্ধতিতে ও মোবাইলে এই মেসেজ পাঠানো হবে, তাই কেউ ম্যাসেজ পেয়ে অস্বীকারও করতে পারবেন না। এতে করে মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে সাক্ষীদের মধ্যেও একটি দায়বদ্ধতা তৈরি হবে। ফলে আদালতে সময়মতো সাক্ষী উপস্থাপন ত্বরান্বিত হবে। স্বল্প সময়ে ও সহজে ন্যায়বিচার পাঠানো সম্ভব হবে। ’
ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, এসএমএস বার্তার মাধ্যমে সাক্ষ্য গ্রহণের তারিখ মামলার সাক্ষীকে অবহিতকরণের বিষয়টি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ অগ্রযাত্রায় আরও একটি ঐতিহাসিক মাইলফলক।
আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেন, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মো. মইনুল কবির, কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ্, নরসিংদীর জেলা ও দায়রা জজ মোসতাক আহমেদ এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দীন বক্তব্য রাখেন।